The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে মাজারের দানবাক্সের টাকা ও মালামাল চুরির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আম্বর আলী শাহ মাজারের মূল ফটকের তালা ভেঙে দানবাক্সের টাকা ও বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া অর্থ ও মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার মধ্যে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর এলাকার মাজারটিতে এ ঘটনা ঘটে।
মাজার পরিচালনা কমিটির সহসভাপতি এটিএম বাক্কী থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার রাতে মাজারের ভেতর ও চারপাশ দেখে মূল ফটকে তালা লাগিয়ে তিনি চলে যান। বুধবার সকালে সেখানে গিয়ে ফটকের তালা ভাঙা ও সামনের দরজা খোলা দেখতে পান। পরে খোঁজ নিয়ে মাজারের টাকা ও বিভিন্ন মালামাল চুরির বিষয়টি জানতে পারেন।
অভিযোগ অনুযায়ী, মাজারের দানবাক্স থেকে আনুমানিক এক লাখ টাকা, ২০ হাজার টাকা মূল্যের আটটি কাঁসার পাতিল এবং প্রায় ২৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন আসবাবপত্র চুরি হয়েছে।
ঘটনার পর আশপাশের এলাকায় খোঁজখবর নিয়েও কাউকে শনাক্ত করতে না পেরে বাঞ্ছারামপুর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন এটিএম বাক্কী।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, মাজারে চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
Exit mobile version