The voice of Brahmanbaria || Local news means the world is

ফরিদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এসে সৌদিতে শিরচ্ছেদ হওয়া নজরুলের পরিবারকে ১ লাখ টাকা দিলেন সাবেক চেয়ারম্যান শাহীন

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলামের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহীন।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে নজরুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের হাতে সহায়তার অর্থ তুলে দেন শাহীন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং নজরুলের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।
সৈয়দ শাহিনুজ্জামান শাহীন বলেন, সৌদি আরবে নজরুল ইসলামের মৃত্যুদণ্ডের ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত। পরিবারের কঠিন সময়ে তাঁদের প্রতি সমবেদনা জানাতে এবং পাশে দাঁড়াতে তিনি সেখানে গেছেন।
তিনি বলেন, নজরুলের বাবার হাতে সামান্য আর্থিক সহায়তা তুলে দিয়েছেন। এই অর্থ দিয়ে পরিবারের মনের কষ্ট দূর করা সম্ভব নয়। তবে দুঃসময়ে তাঁদের পাশে থাকার এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা।
তিনি নজরুলের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সহ্য করার শক্তির জন্য মহান আল্লাহর কাছে পরিবারের সদস্যদের পক্ষে প্রার্থনা করেন।
এ সময় বিএনপি নেতা শাহীন সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি নজরুল ইসলামের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আহ্বান জানান, যাতে তাঁর বাবা-মায়ের শেষ ইচ্ছা পূরণ হয়।
Exit mobile version