চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক দুটি মন্দিরে চুরির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার রুহুল আমিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মালামাল ও প্রণামীর বাক্সের ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার দাউদকান্দির মো. ইউসুফ (৩২), ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার মো. হাশেম (৪২), ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার মো. সাহাব উদ্দিন (৪১) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্দ্রপুর গ্রামের রুহুল আমিন (২৯)।
পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর ভোরে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের সর্বজনীন শ্রী শ্রী শিব ও মগধেশ্বরী মন্দিরে চুরি হয়। এরপর ৩০ সেপ্টেম্বর রাত ২টার দিকে লেলাং ইউনিয়নের শ্রী শ্রী মা মঙ্গল চণ্ডী মন্দিরেও চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ফটিকছড়ি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পৃথক মামলা করা হয়।
মামলার তদন্তে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনুসন্ধানের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তিনটি পিতলের ঘট, দুটি পঞ্চবটি প্রদীপ, দুটি ত্রিশূল, একটি পিতলের ঘণ্টা, ছয়টি পিতলের সরাই, ছয়টি স্টিলের প্লেট, দুটি চামচ, একটি বড় পিতলের ঘট, দুটি পিতলের কোষা, একটি বদনা, একটি কাঁসার গামলা, একটি গ্লাস, ছয়টি পিতলের ছোট থালা, একটি আরতি, একটি দুর্গামূর্তি ও চারটি পিতলের বাটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মসজিদ ও মন্দিরের দানবাক্সসহ অন্যান্য মালামাল চুরির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
