মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: নবীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো মেরকুটা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মোহাম্মদ আক্কাস মিয়ার জমজ দুই ছেলে মো. হুজাইফা ও মো. আকরাম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে তাদের বলটি হাতছটকে পুকুরের পানিতে পড়ে যায়। ভাসমান বলটি পানি থেকে তুলতে গিয়ে প্রথমে একজন পুকুরে পড়ে তলিয়ে যেতে থাকে। এ সময় সহোদরকে বাঁচাতে গিয়ে অপর ভাইও পানিতে লাফ দেয়। সাঁতার না জানায় একপর্যায়ে দুইজনই পুকুরের গভীর পানিতে ডুবে মারা যায়।
দীর্ঘক্ষণ শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরের দিকে পুকুরের পানি থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে একই সাথে দুই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে আক্কাস মিয়ার পরিবারসহ পুরো মেরকুটা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।
