
র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানান, ধৃতদের মধ্যে রংপুরের প্রাইম মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আশিকুল আকবর আবেশ জেএমবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ দিতেন। তার পরিকল্পনা ছিল আহতদের চিকিৎসার জন্য মেডিকেল স্টোরের মতো একটি বিভাগ তৈরি করা। তা ছাড়া, কিলিং মিশনে নিজেরা দুর্ঘটনার শিকার হলে প্রাথমিক কি চিকিৎসা নেওয়া সম্ভব তাও শিখিয়ে দিতেন আশিকুল আকবর আবেশ।
মুফতি মাহমুদ আরও জানান, আটক এমএম কলেজের রসায়ন বিভাগের ছাত্র শরিয়ত উল্লাহ শুভ সফটওয়্যারে বিশেষ পারদর্শী। তিনি বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার ব্যবহার করে যোগাযোগ রক্ষার কাজ করতেন।
ধৃত চার জনের নাম র্যাবের নিখোঁজ তালিকায় আছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। এই চার জনের সঙ্গে আর কে বা কারা এই ডেরায় যাতায়াত করত তাও বের করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন মুফতি মাহমুদ।
মুফতি আরও বলেন, ‘ধৃতরা প্রাথমিক জেরায় স্বীকার করেছে, প্রত্যেক প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণত সাত থেকে আট জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে অস্ত্র চালনা, বোমা বানানো এবং শারীরিক কসরতের প্রশিক্ষণ দেওয়া হত।’ ধৃত চার জঙ্গি ‘নাশকতার পরিকল্পনা’ করছিলেন বলেও স্বীকার করেছেন, দাবি র্যাবের। এই দলটির মাথা ছিলেন ধৃত মাহমুদুর হাসান। মাহমুদুর জেএমবি দক্ষিণাঞ্চল শাখার মাথায় ছিলেন।