ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নিরাপত্তা জোরদারে তল্লাশি চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও পুলিশ।
মাঠপর্যায়ে তাদের দৃশ্যমান উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা যদি এমন জোরদার থাকে, তাহলে তারা ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আখাউড়া উপজেলায় ৪৫টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৩ প্লাটুন বিজিবি। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ যমুনা নিউজকে জানান, ভোট শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের জানমাল ও ভোটের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে আখাউড়া সীমান্তে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। যাতে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ নির্বাচনকে বিঘ্নিত না করতে পারে।
