ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বিল থেকে মনু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজের পাঁচ দিন পর মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত ৮টার দিকে নাসিরনগর উপজেলার একটি বিলে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মনু মিয়ার বলে শনাক্ত করেন।
এর আগে গত শুক্রবার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হন তিনি। এরপর থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীসহ আশপাশের এলাকায় তার সন্ধানে তল্লাশি চালিয়ে আসছিলেন।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, নাসিরনগর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
