ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ইমান মিয়া (২৩) নামে এক কাঠমিস্ত্রী আত্মহত্যা করেছেন।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। ইমান মিয়া ওই এলাকার আলমান মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ইমান মিয়ার স্ত্রী তাসলিমা বেগমকে তার বাবা-মা নিজেদের বাড়িতে নিয়ে যান। এ সময় ইমান মিয়াকে তার শ্বশুর-শাশুড়ি জানান, তিনি নেশা ছেড়ে দিলে তাদের মেয়েকে আবার তার কাছে পাঠানো হবে। তখন ইমান মিয়া তাদের বলেন, তাসলিমাকে নিয়ে গেলে তিনি আত্মহত্যা করবেন। এরপর বুধবার সকালে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির বারান্দার সঙ্গে লাগোয়া একটি কক্ষের কাঠের ধনার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন ইমান মিয়া। পরে তাকে কাজে যাওয়ার জন্য ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে অভিমান থেকেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
