The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পরই অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে কুলসুম আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত কুলসুম আক্তার নাসিরপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. জয়নাল মিয়ার মেয়ে এবং নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়িতে খাবার প্রস্তুত না হওয়ায় কুলসুম মুড়ি ও চা খেয়ে বিদ্যালয়ে যায়। সেখানে সহপাঠীদের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করার পর বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি পান করে। পরে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ওঠার সময় হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে।
সহপাঠীরা বিষয়টি দেখতে পেয়ে তাকে দ্রুত নিচে নামিয়ে আনে। এ সময় তার মাথায় পানি দেওয়া হয়। পরে শ্বাসকষ্ট দেখা দিলে শিক্ষক ও স্বজনরা তাকে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে হৃদযন্ত্র পরীক্ষা করেও কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Exit mobile version