The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে কোয়ারেন্টিনে নবীনগরের জামাই

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসা এক প্রবাসী জামাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির আরও তিন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

৭ মার্চ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে দেশে আসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শেখ আশু মিয়ার ছেলে শেখ সফিক ও তার স্ত্রী তিথি চৌধুরী। এরপর সতর্কতামূলকভাবে হোম কোয়ারেন্টিনে না থেকে দুইদিন আগে স্ত্রী তিথিকে নিয়ে জেলার নাসিরনগর উপজেলা সদরে শ্বশুর বাড়িতে বেড়াতে যান সফিক।

স্থানীয়দের মাধ্যমে এ খবর পেয়ে শনিবার দুপুর সাড়ে ১২টায় নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ও নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা ছুটে যান সেখানে। এরপর ওই প্রবাসী ও তার স্ত্রীসহ পরিবারের আরও তিনজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।

পুলিশ পরিদর্শক কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই প্রবাসী ও তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন তারা। তবে তাদের দুইজনের সঙ্গে শ্বশুর-শাশুড়ি ও গৃহপরিচারিকাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

Exit mobile version