The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে ক্যান্সার-জন্ডিসের যন্ত্রণায় বৃদ্ধের আত্মহত্যা

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দীর্ঘদিন ক্যান্সার ও জন্ডিসে ভুগে অসহ্য কষ্ট সইতে না পেরে নোয়াব মোল্লা (৯০) নামে এক বৃদ্ধ বিষাক্ত কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নোয়াব মোল্লা নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের মোল্লাবাড়ির মৃত ওসমান মোল্লার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নোয়াব মোল্লা অসুস্থতাজনিত কষ্টের মধ্যে বিষাক্ত কীটনাশক পান করেন। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মেয়ে শামসুন্নাহার বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সার ও জন্ডিসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। রোগের কারণে অসহনীয় কষ্ট ও ব্যথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে বাঁচানোর জন্য পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন বৃদ্ধ মানসিক হতাশা থেকে আত্মহত্যা করেছেন। বিষয়টি নাসিরনগর থানাকে অবহিত করা হয়েছে।

Exit mobile version