
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু জাফর জানান, গত রাতে নাসিরনগর সদর এলাকা থেকে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাসিরনগরে হামলার ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্ত করা হয়েছে বলে জানান ওসি। তবে এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি।
গত ৩০শে অক্টোবর নাসিরনগরে হিন্দু মন্দির ও ঘরবাড়িতে প্রথম দফায় হামলার ঘটনা ঘটে।সে সময় হিন্দুদের শতাধিক বাড়ি ও প্রায় ১৫টি মন্দিরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ছিল।
এর মাত্র পাঁচদিন পরে পুলিশের চলমান নিরাপত্তার মধ্যে আগুন দেয়া হয় হিন্দুদের বেশ কয়েকটি বাড়িতে।এরপর আরও একবার হিন্দুদের বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এসব ঘটনায় দুটো মামলা দায়ের করা হয়েছে। প্রথম দফা হামলার সময় স্থানীয় বাসিন্দাদের তোলা ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে কর্মকর্তারা জানাচ্ছেন।
স্থানীয় একজন হিন্দু যুবক ফেসবুকে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন, এই অভিযোগে নাসিরনগরে আয়োজিত সমাবেশের পর হামলার প্রথম ঘটনাগুলো ঘটে।