বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ একটি দল ভারতের আগরতলায় অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টা থেকে তাঁরা আখাউড়া স্থলবন্দর ও সীমান্ত এলাকায় অবস্থান নেন। এদিকে সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা আগরতলা বিমানবন্দরে পৌঁছেছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাঁদের সীমান্তবর্তী এলাকায় আসার সম্ভাবনা নিয়ে খবর ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে ৩টা থেকে আখাউড়া স্থলবন্দর এলাকায় জড়ো হতে শুরু করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিকেল ৪টার দিকে আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সেখানে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
বিকেলে আখাউড়া স্থলবন্দর এলাকা এবং আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টসংলগ্ন বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।
আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকসহ একটি দল আগরতলায় অবস্থান করছেন বলে তাঁরা খবর পেয়েছেন। তাঁদের আশঙ্কা, সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নাশকতার চেষ্টা করা হতে পারে। এ কারণে তাঁরা সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছেন। ফ্যাসিস্টদের কাউকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সীমান্তবর্তী উপজেলার যেকোনো একটি প্রবেশপথ দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতার উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করতে পারে বলে তাঁরা খবর পেয়েছেন। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের সীমান্তে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের অবস্থান সরেজমিনে দেখতে তিনি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, সীমান্তে টহল অনেক বেশি জোরদার করা হয়েছে। তাঁর দায়িত্বাধীন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ বা অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটেনি। কাউকে অবৈধভাবে প্রবেশ করতে দেওয়া হবে না।
