The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর-বাঞ্ছারামপুর সড়কের উন্নয়নকাজ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ একটি সড়কাংশের নির্মাণ ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শ্রীরামপুর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণকাজের
উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাস্তবায়নে এ কাজ শুরু হচ্ছে। সড়কটি উন্নয়ন ও প্রশস্ত করা হলে নবীনগর ও বাঞ্ছারামপুরের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমার পাশাপাশি দুই উপজেলার মধ্যে যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে।
সংশ্লিষ্টরা জানান, সড়কটির উন্নয়নের ফলে পণ্য পরিবহন ও কৃষিপণ্য বাজারজাতকরণে সময় ও পরিবহন ব্যয় কমবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে জানানো হয়, শনিবার বাঞ্ছারামপুর অংশের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শিগগিরই নবীনগর অংশের কাজও উদ্বোধন করা হবে। পুরো সড়কটি উন্নত হলে দুই উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষের যোগাযোগব্যবস্থায়ও পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব ড. নেয়ামতউল্লাহ ভুইয়া, সিনিয়র সচিব মো. এহসানুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল, অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Exit mobile version