
ব্রহ্মণবাড়িয়ার নবীনগরে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে একাধিক পূজা মন্ডপ এবং ভোলাচং পাল পাড়ায় গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। শেষ মুহূর্তে শৈল্পিক কারুকাজ, আবার কেউ রং-তুলির আঁচড়ে মনের মাধুরী মিশিয়ে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত মৃৎশিল্পীরা। এখন দিনরাত চলছে রঙের কাজ। মানভেদে ২০ হাজার থেকে সর্বোচ্চ ৪০-৫০ হাজার টাকা নেয়া হচ্ছে প্রতিটি প্রতিমা। মৃতশিল্পীরা বলেন এখন আমাদের ব্যস্ততার শেষ নেই, কারণ যথাসময়ের মধ্যে সকল প্রতিমা দিতে হবে।
নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত ভদ্র বলেন, নবীনগর উপজেলায় এ বছর ১১৮ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসনের আন্তরিকতা ও বিভিন্ন পদক্ষেপে আমরা সন্তুষ্ট। তিনি আরো বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলা সহ মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত মাঠে থাকবে।