The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা-নবীনগর সড়কের সাহারপাড় মোড়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আবু তাহের মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাহারপাড় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের দক্ষিণপাড়ার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে আবু তাহের মিয়া তার ভাই আবুল মিয়াকে সঙ্গে নিয়ে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামে সত্তর মিয়ার বাড়িতে দাওয়াতে যান। দাওয়াত শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সাহারপাড় মোড়ে রাস্তা পার হওয়ার সময় নবীনগর থেকে রাধিকা অভিমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নবীনগর থানা ও সদর মডেল থানাকে অবহিত করা হয়েছে।
নিহতের ছেলে আব্দুল্লাহ জানান, তার চাচা আবুল মিয়া বাড়িতে ফিরে দুর্ঘটনার বিষয়টি পরিবারকে জানান। পরে তারা হাসপাতালে গিয়ে আবু তাহের মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত হন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Exit mobile version