The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ তিনজন আটক

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আদালতপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাতে কালীবাড়ির সামনের প্রধান সড়কের পশ্চিম পাশে অবস্থিত একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নবীনগর থানা পুলিশ। অভিযানে বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয় এবং সেখানে অবস্থানরত তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন আদালতপাড়া এলাকার উদয় শংকর বিশ্বাসের ছেলে সাদা চাঁদ শংকর বিশ্বাস (৩৪), উপজেলার খাজানগর এলাকার কবির হোসেনের মেয়ে ইভা আক্তার (৩২) এবং সরাইল উপজেলার গুড্ডা গ্রামের হিমাংশু চন্দ্র দাসের ছেলে কিলটন চন্দ্র দাস (২৪)।
পুলিশের দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কার্যক্রম চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।
এদিকে, অভিযানের পর স্থানীয় বাসিন্দারা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, মাদকের কারণে এলাকার সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক কারবার নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Exit mobile version