The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বিলের পানিতে ডুবে প্রাণ গেল জেলের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে মো. লিমন মিয়া (২৩) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গোল পুকুরিয়া বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল লিমন। নিহত লিমন মিয়া উপজেলার রতনপুর ইউনিয়নের গোল পুকুরিয়া গ্রামের বড়বাড়ির লিটন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের গোল পুকুরের বিলে কুশাই নৌকা নিয়ে জাল দিয়ে মাছ ধরতে যান লিমন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বুধবার সকালে স্থানীয়রা বিলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি লিমন মিয়ার বলে শনাক্ত করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, বিলের পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নবীনগর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
Exit mobile version