ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে নুসরাত নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের কড়ই বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত ওই গ্রামের পূর্বপাড়ার খাইরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ রোকসানা খাতুন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে ইসিজি করার পর চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
