ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ধন মিয়া (৭০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ধন মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি মৃত সোলায়মান মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত শিবপুর বাজারে কাঁচামাল বিক্রি করতেন৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে ধন মিয়া শিবপুর বাজারে কাঁচামাল বিক্রি করতে যান৷ তারপর দুপুরে ধন মিয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিবপুর ইউনিয়নের ওয়ারুক এলাকায় পৌঁছালে বিপরীত দিক মিরপুর থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে ধন মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধন মিয়াকে মৃত ঘোষণা করেন এবং বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেন৷ পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আহত অটোরিকশা চালক মনির হোসেন জানান, দুর্ঘটনায় ধন মিয়া নামের এক যাত্রী মারা গেছে। এছাড়া দুলাল মিয়া নামে আরেক যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা উদ্ধার করেছে৷
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
