মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোমাইয়া আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) উপজেলার আলীয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোমাইয়া আক্তার নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, আলীয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে সুমাইয়া আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে কলেজছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রাও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
