ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রাকিবুল ইসলাম ।
সোমবার (৮ জুন) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে কুমিল্লার দেবীদ্বার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রাকিবুল ইসলামকে বদলি করে নবীনগর উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি নোয়াখালী জেলার বাসিন্দা।
এদিকে, এর আগে গত ১৯ মে জারি করা এক আদেশে নবীনগরের ইউএনও হিসেবে পদায়ন পাওয়া মো. রিদয়ানুল ইসলাম এর বদলি আদেশ বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাকিবুল ইসলামকে তাঁর এখতিয়ারভুক্ত এলাকায় সার্টিফিকেট মামলা পরিচালনার জন্য সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ধারা ৩(৩) অনুযায়ী সার্টিফিকেট অফিসারের ক্ষমতা প্রদান করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
