দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ-২০২৬ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে উৎসবমুখর ও ঝাঁকঝমকপূর্ণভাবে আয়োজনটি সম্পন্ন করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ-২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে সভাটি সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন, সাংবাদিক পীযুষ কান্তি আচার্য, আল আমিন শাহিন এবং নৌকাবাইচ সংগঠক অ্যাডভোকেট মো. ইসহাকসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ২০২৪ ও ২০২৫ সালে ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়নি।
সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির শহর। জেলার ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে নৌকাবাইচের মতো আয়োজন গুরুত্বপূর্ণ। তবে নৌকাবাইচকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড করা যাবে না।
এ ছাড়া বাইচে অংশ নেওয়া বা দর্শনার্থীদের নৌকায় সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচিও করা যাবে না বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে নৌকাবাইচ আয়োজন করতে চাই।’
