দীর্ঘ প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে সেক্রেটারি পদে বিজয়ী হয়েছেন বর্তমান সেক্রেটারি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। তিনি পেয়েছেন ২ হাজার ৩৮ ভোট।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোটার উপস্থিতি থাকায় নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বাড়িয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শুরু হলে রাত ২টা পর্যন্ত গণনা কার্যক্রম চলছিল।
নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, সেক্রেটারি পদে মোট ৪ হাজার ১৭৩টি ভোট পড়েছে। এর মধ্যে ৩ হাজার ৮৭৫টি ভোট বৈধ এবং ২৯৮টি ভোট বাতিল হয়েছে।
সেক্রেটারি পদে পাঁচ প্রার্থীর মধ্যে মো. মিজানুর রহমান ২ হাজার ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মাহবুবুর রহমান পেয়েছেন ৭৭৩ ভোট। এছাড়া মো. নূরফুল হাই ভূঁইয়া পেয়েছেন ৪২৮ ভোট, কামরুল ইসলাম ৩৪৯ ভোট এবং অ্যাডভোকেট মো. শাহ ওয়াসিম পারভেজ পেয়েছেন ২৮৭ ভোট।
এবারের নির্বাচনে ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে তিনজন, সেক্রেটারি পদে পাঁচজন এবং পাঁচটি সদস্য পদে ৩৭ জন প্রার্থী ছিলেন।
