The voice of Brahmanbaria || Local news means the world is

থানায় মাইক লাগিয়ে জন্মদিন পালন করলেন ওসি!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামীর জন্মদিন পালন হয়েছে ঘটা করে। তার জন্মদিন পালনে থানার ভেতরেই হয়েছে অনুষ্ঠান। তবে মাইক লাগিয়ে গান-বাজনার অনুষ্ঠান করার কারণে বিষয়টি বেশি সমালোচিত।

গত বৃহস্পতিবার ছিলো তার জন্মদিন। সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে জন্মদিনের এ অনুষ্ঠান। কেক কাটার পর থানা ভবনের দো-তলায় শুরু হয় গান-বাজনা। ছিলো নৃত্যানুষ্ঠানও। এরপর কয়েক’শ লোককে বিরিয়ানী দিয়ে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, পৌর যুবলীগ সভাপতি মো. মনির খান, সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল (এ্যারো বাবুল), যুবলীগ নেতা মুক্তা হোসেন ফয়সাল। এসব নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে এরআগে ওসির কক্ষে জন্মদিনের কেক কাটা হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, জন্মদিন পালনের ওই অনুষ্ঠানে সীমান্তবর্তী ওই এলাকার চোরাচালানীদের কয়েকজন গডফাদারও যোগ দেন।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামীর সঙ্গে যোগাযোগ করলে তিনি একটি অনুষ্ঠানে আছেন জানিয়ে ‘পরে কথা বলবেন’ বলে জানান।

Exit mobile version