The voice of Brahmanbaria || Local news means the world is

ডিসির সামনে জাতীয় সংগীত পারলেন না শিক্ষক, বেতন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সম্পূর্ণ জাতীয় সংগীত গাইতে না পারায় বিদ্যালয়ের শরীর চর্চার শিক্ষকের বেতন স্থগিতের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। বিদ্যালয়ে উপস্থিত না থাকায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে জেলা প্রশাসক মো. শাহগীর আলম এ নির্দেশ দেন। ওই শিক্ষকের নাম মো. সোহরাব হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসক মো. শাহগীর আলম মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এক পর্যায়ে তিনি শরীর চর্চা শিক্ষক মো. সোহরাব হোসেনকে জাতীয় সঙ্গীত গাইতে বলেন। কিন্তু সম্পূর্ণ সঙ্গীত গাইতে পারেননি শিক্ষক সোহরাব৷

এ ঘটনায় জেলা প্রশাসক শরীর চর্চা শিক্ষকের বেতন স্থগিত রাখার নির্দেশ দেন। যতদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা শুদ্ধভাবে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারবে ততদিন পর্যন্ত বেতন স্থগিত থাকবে। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন জেলা প্রশাসক।

জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, জেলা প্রশাসক মোগড়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন খোঁজ নেন। এ সময় ওই বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো. সোহরাব হোসেন জাতীয় সঙ্গীত গাইতে পারেননি। এ কারণে তার বেতন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকে কারণ দর্শানোর নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, জেলা প্রশাসক যে বিদ্যালয় পরিদর্শনে এসেছেন আমি জানতাম না। তিনি তো শোকজ করতেই পারেন।

এ বিষয়ে জানতে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলমের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

Exit mobile version