The voice of Brahmanbaria || Local news means the world is

ডিজিটাল লটারি বাতিল ও শাখা বৃদ্ধির দাবিতে আখাউড়ায় শিক্ষার্থী-অভিভাবকের ব্যতিক্রমী প্রতিবাদ

আখাউড়ায় স্কুলে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি বাতিল ও অতিরিক্ত শাখা বৃদ্ধির দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এক শিক্ষার্থী ও তার অভিভাবক।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আখাউড়া উপজেলার নাসরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থী পূর্ণতা ও তার মা লাকি বেগম অংশ নেন। এ সময় কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
প্রতিবাদকারী লাকি বেগম বলেন, ডিজিটাল লটারির কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি থেকে বঞ্চিত হয়েছে। তাই এ পদ্ধতি বাতিল করে অতিরিক্ত শাখা খুলে আরও শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানান। তিনি বিলেন, লটারি একজন শিক্ষার্থী ভাগ্য স্কুলে ভর্তি নিশ্চিত করবে এমনটা ঠিক না, লটারি হচ্ছ ফাউ ফাউ কিছু পেয়ে যাওয়া।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব্রত বণিক জানান, চলতি শিক্ষাবর্ষে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে তিনটি শাখায় প্রতি শাখায় ৫৫ জন করে মোট ১৬৫ জন ছাত্রী ভর্তি করা হয়েছে। নির্ধারিত সংখ্যার বাইরে নতুন করে ভর্তি নেওয়ার কোনো সুযোগ নেই।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রশাসনিক সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবিয়া বলেন, প্রতিবাদকারী অভিভাবক তার কাছে এসেছিলেন। তিনি বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন যে, সরকারি নীতিমালা অনুযায়ী লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়েছে। এটি সরকারি সিদ্ধান্ত এবং নীতিমালার বাইরে গিয়ে ভর্তির কোনো সুযোগ নেই।
Exit mobile version