ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত জরিমানা ও হয়রানির অভিযোগ তুলে সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) হোসেন আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের কাছে স্মারকলিপি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতি।
শনিবার (১ আগস্ট) রাতে এমপির নিজ বাসভবনে সমিতির সাধারণ সম্পাদক ডা. মনিরুল ইসলাম চয়নের নেতৃত্বে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, অ্যাডভোকেট আনিসুল ইসলাম মঞ্জু, সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. অর্ণব, দপ্তর সম্পাদক ডা. এমিল, ডা. আক্তার হোসেন, রাশেদ কবির আকন্দসহ জেলা বিএনপি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে হাসপাতাল মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জনের নীতিমালা অনুসরণ করে প্রতিষ্ঠান পরিচালনা করা হলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সামান্য ত্রুটি-বিচ্যুতির জন্যও লক্ষাধিক টাকা জরিমানা এবং কারাদণ্ড দেওয়া হচ্ছে। তাদের দাবি, কোনো ধরনের পূর্ব সতর্কীকরণ বা সংশোধনের সুযোগ না দিয়েই এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা স্বাস্থ্যসেবা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।
এছাড়া স্মারকলিপিতে অভিযোগ করা হয়, অভিযানের সময় হাসপাতাল সিলগালার ভয় দেখানো হয় এবং কিছু অনলাইন বা মোবাইল সাংবাদিককে সঙ্গে নিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়, এতে হাসপাতাল মালিকরা আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির মুখে পড়ছেন।
তবে হাসপাতাল মালিক সমিতি জানিয়েছে, হাসপাতালের মান ও সেবার গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শনের বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। তারা চান, আইন ও বিধিমালা অনুসরণ করে ন্যায়সংগতভাবে অভিযান পরিচালনা করা হোক এবং অযথা হয়রানি বন্ধ করা হোক।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের মালিকরা অনির্দিষ্টকালের জন্য সেবা কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।
পরে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন সমিতির সভাপতি ডা. মো. মফিজুল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মনিরুল ইসলাম চয়নসহ নেতারা।
