মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের দুই সদস্যকে ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার।
আজ শুক্রবার রাতে (০৯ জানুয়ারি) তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান রাত সোয়া ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর–সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে টহলরত অবস্থায় একটি পিকআপ ভ্যান আটক করেন এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার। অভিযোগ রয়েছে, ওই পিকআপে বিপুল পরিমাণ গাঁজা থাকলেও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে চালানটি জব্দ না করে ছেড়ে দেওয়া হয়।
পরে জানাজানির পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি জেলার পুলিশ সুপার আবদুর রউফের নজরে এলে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে নবীনগর থানার ওসিকে নির্দেশ দেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এসপি স্যারের নির্দেশে ঘটনার তদন্ত করে আমরা এর প্রাথমিক সত্যতা পাই। পরে আজ (শুক্রবার) এ নিয়ে রিপোর্ট জমা দেই। এরপরই অভিযুক্ত দুই পুলিশ সদস্য কে রাতেই সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযুক্ত এস আই জাহিদ আহসানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
