The voice of Brahmanbaria || Local news means the world is

গরু চুরির অভিযোগে মাইকে ঘোষণা, পিটুনিতে প্রাণ গেল ব্যক্তির

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরু চুরির অভিযোগে কাজল মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার সাতমোড়া ইউনিয়নের নলোয়ার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাজল মিয়া কুমিল্লার বাঙ্গরা বাজার থানার হাসনাবাদ পশ্চিমপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নলোয়ার পাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরি করতে ঢোকার অভিযোগ ওঠে কাজল মিয়ার বিরুদ্ধে। বিষয়টি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইকে এলাকায় চোর ঢোকার ঘোষণা দেওয়া হয়।
পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাজল মিয়াকে গরুসহ আটক করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য সোমবার দুপুরে
মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Exit mobile version