ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘সম্মেলিত মুহিব্বিনে আহলে বাইত পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘বর্বরোচিত আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেন।
সমাবেশে বক্তারা মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরানের আশেপাশে বহু মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও তারা কার্যকর অবস্থান নিচ্ছে না। বাংলাদেশের প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্বদের নীরবতাকেও সমালোচনা করা হয়। তারা এই খ্রিষ্টান ও ইহুদিদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না। তারা কিসের এত ফতোয়া বাজি করে। বক্তারা দাবি করেন, মতাদর্শগত ভিন্নতা থাকলেও ইরান একটি মুসলিম দেশ। তারাই মুসলিম বিশ্বের মজলুম মুসলমানদের পক্ষে কথা বলে।
মানববন্ধন শেষে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহতদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
