The voice of Brahmanbaria || Local news means the world is

কৃষককে যত সুবিধা দেওয়া যাবে, ততই আমাদের মঙ্গল : মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান বলেছেন, কৃষকরা দেশের মানুষের খাদ্যের জোগান দিয়ে বাঁচিয়ে রাখছেন। তাই কৃষকদের যত বেশি সুবিধা দেওয়া যাবে, দেশের জন্য ততই মঙ্গল হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনীতে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের ভার্চুয়াল সম্প্রচার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মুশফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার সময় দেশের জনসংখ্যা ছিল প্রায় সাত কোটি। বর্তমানে জনসংখ্যা বেড়ে প্রায় ২০ কোটিতে দাঁড়িয়েছে। এত বিপুল মানুষের খাদ্যের চাহিদা পূরণে কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কৃষক কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ পাবেন। ন্যায্যমূল্যে কৃষি উপকরণ কেনার পাশাপাশি কৃষি কার্ডের মাধ্যমে ব্যাংক ঋণ গ্রহণও সহজ হবে। কৃষকরা মোট ১০ ধরনের সেবা পাবেন বলেও জানান তিনি।
এর আগে ফেনীতে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড উদ্বোধন অনুষ্ঠানের পর আখাউড়ায় চারজন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেন অতিথিরা। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, আখাউড়ায় মোট ১ হাজার ৮৫১ জন কৃষক কৃষক কার্ড পাবেন। এর মধ্যে ১ হাজার ২৩৮ জন পুরুষ ও ৬১৩ জন নারী।
অনুষ্ঠানে জানানো হয়, কৃষক কার্ডের সুবিধার অংশ হিসেবে কৃষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ভার্চুয়াল অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ আবুসাঈদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তাফা এমরান হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ডা. মো. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খান এবং আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম।
এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Exit mobile version