The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় সাতগ্রাম অ্যাডভোকেট হারুনুর রশিদ খান উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সাতগ্রাম অ্যাডভোকেট হারুনুর রশিদ খান উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং
অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো. আবু বকর ছিদ্দিক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট হারুনুর রশিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মজিবুর রহমান, সাবেক সভাপতি মো. আতাউল্লাহ ভূঁইয়া, বিএনপি নেতা আমজাদ হোসেন রতন, আলী হোসেন, মো. কাওসার আহমেদ, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম বাক্কু, বিনাউটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, মিজানুর রহমান, আবুল বাশার, জয়নাল আবেদীন ও আবদুল কাদির। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মায়েরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়ালেখার প্রতি মনোযোগী করা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে মায়েদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকা প্রয়োজন। বিদ্যালয়ে মানসম্মত পাঠদান নিশ্চিত করা, শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ এবং ভালো ফলাফলের জন্য তাদের উৎসাহিত করতে শিক্ষক ও অভিভাবক উভয়কেই আরও তৎপর হতে হবে।
সমাবেশ শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Exit mobile version