ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক শিক্ষিকাকে জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন জিন্নাহকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। রোববার দুপুরে আকছিনা-কুল্লাবাড়ি মডার্ণ স্কুলের সামনের সড়কে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
দেলোয়ার হোসেন জিন্নাহ কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার ছয় দিন পেরিয়ে গেলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আকছিনা মাদরাসার প্রিন্সিপাল নুরুল আমিন মোল্লা, খন্দকার জাহাঙ্গীর আলম, খন্দকার আজাদ মিয়া, ছাত্রদল নেতা খন্দকার সাদ্দাম হোসেন, খন্দকার রনি, খন্দকার জসিম উদ্দিন এবং আকছিনা-কুল্লাবাড়ি মডার্ণ স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, একজন শিক্ষিকাকে দিনের বেলায় অপহরণের চেষ্টার অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগ পাওয়ার পরও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় তারা উদ্বিগ্ন। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
তবে দেলোয়ার হোসেন জিন্নাহ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি ওই শিক্ষিকাকে অপহরণের চেষ্টা করেননি। তাদের মধ্যে সম্পর্ক থাকায় তাকে নিয়ে সিএনজি অটোরিকশায় করে ঘুরতে বের হয়েছিলেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ভুক্তভোগী শিক্ষিকার দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে আকছিনা-কুল্লাবাড়ি মডার্ণ স্কুলের ওই শিক্ষিকাকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। ওই দিন সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষিকা কসবা থানায় অভিযোগ করেন।
