
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় (ব্রাহ্মণবাড়িয়া-৪) কসবা-আখাউড়া সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
মুশফিকুর রহমানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপি সহসভাপতি মোঃ ইকলিল আযম, কসবা পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক রাজু আহমেদ,ছাত্রদল নেতা সজিব শ্রাবণ ও সাবেক পৌর শাখা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ প্রমুখ। এ সময় কসবা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে মনোনয়ন ফরম সংগ্রহকালে উপজেলা পরিষদ ভবনের বাইরে অপেক্ষমাণ ছিলেন অনেক নেতা-কর্মী। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ছামিউল ইসলামের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের ৫ জন নেতা-কর্মী।
নেতাকর্মীরা জানান, মুশফিকুর রহমান দীর্ঘদিন ধরে কসবা-আখাউড়ায় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তৃণমূল পর্যায়ে তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে বলে তারা দাবি করেন।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মুশফিকুর রহমান দলীয়ভাবে মনোনয়ন পাওয়ায় তাঁর হাত ধরে এই আসনে সাংগঠনিক শক্তি আরও শক্তিশালী করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা । নির্ধারিত সময়ে এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দিবেন বলে জানান নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে দলীয় নেতাকর্মীরা বলেন, মুশফিকুর রহমান একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি অতীতেও এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ একটি নিরপেক্ষ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করছে, আর সে প্রত্যাশা পূরণে মুশফিকুর রহমানই সবচেয়ে যোগ্য প্রার্থী বলে তারা মন্তব্য করেন।
নেতাকর্মীরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন জনগণের সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।
মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ায় তারা দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তিও কামনা করেন।