ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল রাফিকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মনকাসাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল রাফি কুটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী রাশেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ সময় তাঁদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ওই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন আল রাফি। পরে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টেও বিক্ষোভের ভিডিওটি প্রচার করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় এবং মহাসড়কে অবরোধের ঘটনায় তাঁর গ্রেপ্তারের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
