The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর কসবা-আখাউড়া বিএনপির বিবদমান দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ ঘটনাকে দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও দলীয় শৃঙ্খলার পরিপন্থী উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম ও জসিম উদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক মইনুল ইসলাম চপল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম মোল্লা এবং প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত কমিটিকে সরেজমিনে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করে প্রয়োজনীয় তদন্ত শেষে আগামী সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার পক্ষের নেতাকর্মীরা একটি র‍্যালি বের করেন। অন্যদিকে, বিএনপির সংসদ সদস্য মুশফিকুর রহমানের পক্ষের উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল বের করেন।
একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা কদমতলী এলাকায় মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় এক যুবককে প্রকাশ্যে রিভলবার প্রদর্শন করতে দেখা যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Exit mobile version