The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত মাজেদা, কাটা পড়লো গরুটিও

কসবা উপজেলায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় ট্রেনের ধাক্কায় মাজেদা খাতুন (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হন। এসময় ট্রেনে কাটা পড়ে মারা যায় তার গরুটিও। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইমামবাড়ি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাজেদা খাতুন উপজেলার ইমামবাড়ি গ্রামের মৃত্যু ওহিদ ভূঁইয়ার স্ত্রী। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে সন্তানের জননী।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি কসবার ইমামবাড়ি স্টেশন পার হওয়ার সময় মাজেদা খাতুন গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ট্রেন আসতে দেখে তিনি গরুটিকে আটকে রাখার চেষ্টা করেন। এরই মধ্যে গরুটি রেললাইনে উঠে যায়। ট্রেনের চালক দূর থেকে দেখতে পেয়ে হুইসেল বাজান ও হাতের ইশারায় ওই নারীকে সরে যেতে বলেন। কিন্তু মাজেদা খাতুন কোনোভাবেই হাত থেকে রশিটি ছাড়েননি। গরুটি ট্রেনে কাটা পড়ার পর রশির টানে তিনিও ছিটকে ট্রেনের সাথে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাতে খবর পাওয়া মাত্রই আমরা মরদেহ উদ্ধার করি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

Exit mobile version