The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ইজিপিপি বরাদ্দ নিয়ে বিএনপির দুই পক্ষের হাতাহাতি, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের বরাদ্দ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
বিনাউটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন ও সদস্য রাসেল খান জানান, ইউনিয়ন পরিষদে ইজিপিপি প্রকল্পের বরাদ্দ এসেছে। ১০০ দিনের এ প্রকল্পে ১২৫ জন শ্রমিকের কাজ করার কথা রয়েছে। প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকবেন সাতজন সুপারভাইজার।
প্রকল্পের বরাদ্দ নিয়ে আলোচনা করতে বুধবার দুপুরে পরিষদে যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিনাউটি উন্নয়ন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন, বিনাউটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা। পরিষদ হলরুমে আলোচনা শেষে তাঁরা বাইরে বের হলে সেখানে তর্কাতর্কির সূত্রপাত হয়।
এ সময় তিনলাখপীর এলাকার এক যুবক ঘটনাটি মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। নেতাকর্মীরা তাকে ভিডিওটি মুছে ফেলতে চাপ দেন বলে জানা গেছে। বিষয়টি দেখে স্থানীয় সিএনজি চালক বাবু এলাকায় খবর দেন। পরে ওই যুবকের স্বজনরা ঘটনাস্থলে এলে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিনাউটি ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন অভিযোগ করেন, পরিষদে ইজিপিপি প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা শেষে বের হওয়ার পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের ভাগ্নে উজ্জল লোকজন নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন বলেন, ‘উন্নয়ন কমিটির নামে কিছু কমিটি করা হয়েছে। এসব কমিটির লোকজন বিভিন্ন সময়ে পরিষদের কার্যক্রম ও বরাদ্দে হস্তক্ষেপ করেন। বুধবারও ইজিপিপি প্রকল্পের বরাদ্দ নিয়ে পরিষদের বাইরে এসে তাঁদের মধ্যে ঝগড়া হয়।’
তিনি আরও বলেন, ‘হাতাহাতির ভিডিও ধারণ করায় এক যুবককে আক্রমণ করা হয়। পরে স্থানীয় লোকজনের সঙ্গে হাতাহাতি হয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘বুধবার দুপুরে বিনাউটি ইউনিয়ন পরিষদের সামনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Exit mobile version