The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, দুই লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ড্রেজিং করে পুকুর থেকে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় দুটি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করার পাশাপাশি প্রায় এক হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে দুইজনকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার পঞ্চগ্রাম ঈদগাহ, ধর্মপুর ও মনকশাইর আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মনকশাইর আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন পুকুর থেকে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি ও বালু উত্তোলনের অপরাধে মাসুদ (৩৫) ও তালেমান (২৩) নামে দুইজনকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ ছাড়া দুটি স্থানে থাকা দুটি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং আনুমানিক এক হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ এবং অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে কসবা উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Exit mobile version