The voice of Brahmanbaria || Local news means the world is

কলেজছাত্রী সোনিয়াকে ছুরিকাঘাত : বখাটে তানভীরের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ব্রাহ্মণবাড়িয়ায় সোনিয়া আক্তার নামে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বখাটে তানভীর

বুধবার বিকেলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা আহমেদের আদালতে জবানবন্দি দেন তানভীর। জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তানভীরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় তানভীরের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ছুরিকাঘাতের কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীর বাড়ির তানভীরের বাড়ি থেকে বুধবার সকালে ছুরিটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. নবীর হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা জানান, আদালতে তানভীর বলেছেন, প্রেমের সম্পর্কের অবনতি ঘটায় তিনি সোনিয়াকে ছুরিকাঘাত করেন।

এদিকে গত ১১ দিনেও সোনিয়া সুস্থ হয়ে উঠতে পারেননি। ছুরিকাঘাতের শিকার বাম হাত এখনো তিনি নড়াচড়া করতে পারেন না। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাঁকে পঙ্গু হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিয়েছেন। ঢাকা মেডিক্যালে চিকিত্সা শেষে সোনিয়া বর্তমানে ঢাকায় এক বোনের বাড়িতে রয়েছেন।

গত ৮ জুলাই ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ কালীবাড়ির মোড়ের জে এন ডেন্টাল পয়েন্টে সোনিয়াকে ছুরিকাঘাত করে তানভীর।

ঘটনার শিকার সোনিয়া ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ব্রাহ্মণবাড়িয়ার জে এন ডেন্টাল পয়েন্টে চাকরি করা সোনিয়া নবীনগর উপজেলার শিবপুর গ্রামের মলাই মিয়ার মেয়ে। বিবাহিত তানভীর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীর বাড়ির মো. মিজানুর রহমানের ছেলে। তিনি টিএ রোডের তানভীর টেলিকম নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক।

সোনিয়া জানান, কয়েক মাস ধরেই তানভীর তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেওয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এ বিষয়ে তানভীরের পরিবারে অভিযোগ দিলে তিনি ক্ষুব্ধ হন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বেলাল হোসেন জানান, আদালতে দেওয়া স্বীকারোক্তিতে তানভীর বলেছেন, প্রায় এক-দেড় বছর ধরে তাঁর সঙ্গে সোনিয়ার প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তু তানভীর বিয়ে করার পর এ সম্পর্কের অবনতি ঘটে। আর এতেই ক্ষিপ্ত হয়ে তিনি সোনিয়ার ওপর হামলা চালান।

Exit mobile version