The voice of Brahmanbaria || Local news means the world is

এবার ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে নেওয়ার প্রস্তাব সিলেটবাসীর

ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলাকে সিলেট বিভাগের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন সিলেটের কয়েকজন বাসিন্দা। একই সঙ্গে বিভাগের প্রশাসনিক সুবিধা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় হবিগঞ্জকে সিলেট বিভাগের সদর দপ্তর করার প্রস্তাবও তুলেছেন তারা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টে এসব প্রস্তাব তুলে ধরছেন তারা। ব্রাহ্মণবাড়িয়াকে কেন্দ্র করে নতুন বিভাগ গঠনের দাবি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটবাসীর পক্ষ থেকে বিকল্প এ প্রস্তাব সামনে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের এসব পোস্টে বলা হচ্ছে, সিলেট থেকে হবিগঞ্জকে বিচ্ছিন্ন করে ব্রাহ্মণবাড়িয়া বিভাগ গঠনের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক নাগরিক। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। যে কেউ নিজের মতামত ও প্রস্তাব তুলে ধরতে পারেন বলেও মন্তব্য করেছেন তারা।
পোস্টগুলোতে আরও বলা হয়, বর্তমান সিলেট বিভাগ আয়তন ও জেলা সংখ্যার দিক থেকে তুলনামূলক ছোট। এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলাকে সিলেট বিভাগের সঙ্গে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
পাশাপাশি বিভাগের সব জেলার ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার সুবিধা বিবেচনায় হবিগঞ্জকে বিভাগীয় সদর দপ্তর করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বিভাগের মানুষের প্রশাসনিক ও নাগরিক সেবা গ্রহণ আরও সহজ হবে বলে মনে করছেন প্রস্তাবকারীরা।
তাদের যুক্তি, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের একটি অংশের মানুষ বিভিন্ন প্রয়োজনে হবিগঞ্জকে কাছের ও সুবিধাজনক গন্তব্য হিসেবে বেছে নেন। তাই বিভাগীয় সদর দপ্তর নির্ধারণের ক্ষেত্রে আবেগ বা আঞ্চলিক পরিচয়ের পরিবর্তে ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা ও জনসাধারণের সুবিধাকে গুরুত্ব দেওয়া উচিত।
উল্লেখ্য, এর আগে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি জানিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। তাঁর ওই প্রস্তাব ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যেই এবার ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগের সঙ্গে যুক্ত করার বিকল্প প্রস্তাব সামনে আনলেন সিলেটের বাসিন্দারা।
Exit mobile version