The voice of Brahmanbaria || Local news means the world is

ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত

ঈদে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আপন দুই ভাই নিহত হয়েছেন।

আজ সোমবার (১৭ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাসানি গ্রামের ওবায়দুর রহমান খানের ছেলে রবিউল খান (৫০) ও হুমায়ুন খান (৪৫)। এ ঘটনায় মনিরুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। তিনি ঢাকার একটি টেলিভিশনের (চ্যানেল টোয়েন্টিফোরের) গাড়ি চালক বলে জানা গেছে। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি নোয়াখালী জেলা।

নিহতের স্বজন ও হাইওয়ে পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকা থেকে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দিকে আসছিলেন দুই ভাই রবিউল খান ও আশিষ খানসহ তিন জন। পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় এলে দ্রুতগামী মোটরসাইকেলটি একটি স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রবিউল খান ও হাসপাতালে আনার পর হুমায়ুন খান মারা যান। আহত অবস্থায় মনিরুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আশিষ কুমার সার্নাল জানান, ঘটনার খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Exit mobile version