The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পুনর্নির্ধারণ, বছরে সাশ্রয় হবে ২৫ কোটি টাকা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থিত ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (নর্থ) বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের ট্যারিফ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নতুন ট্যারিফ কার্যকর হলে
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বছরে প্রায় ২৫ কোটি ১৭ লাখ টাকা সাশ্রয় হবে।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে। ২০১৭ সালে উৎপাদন শুরু করা কেন্দ্রটি ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যমান লেভেলাইজড ট্যারিফ প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৫ টাকা ৪ পয়সা থেকে কমিয়ে ৫ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ খাতে আরও গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিপিডিবির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতে এ ট্যারিফ পুনর্নির্ধারণ করা হয়েছে।
সরকারের হিসাব অনুযায়ী, নতুন ট্যারিফ কার্যকর হলে বিপিডিবির বছরে প্রায় ২৫ কোটি ১৭ লাখ টাকা ব্যয় কমবে। এছাড়া বিদ্যুৎকেন্দ্রটির সঙ্গে চুক্তির অবশিষ্ট ১৬ বছর ১০ মাস ১০ দিনের মেয়াদে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের বিপরীতে মোট ২২ হাজার ৬১৮ কোটি ১২ লাখ টাকা পরিশোধ করতে হবে।
এদিকে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড একটি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় বিদ্যুৎ বিক্রির মাধ্যমে অর্জিত লভ্যাংশ সরকারের আয় হিসেবে বিবেচিত হবে।
Exit mobile version