ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপে করে গাঁজা পরিবহনের সময় ৫২ কেজি গাঁজাসহ মাহমুদুর রহমান সাইফুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আশুগঞ্জ থানা-পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মাহমুদুর রহমান সাইফুল হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের মো. খোকনের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে এর আগে আরও দুটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, টোলপ্লাজা এলাকায় সন্দেহজনক একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ মাহমুদুর রহমান সাইফুলকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম সফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
