The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে দুই ভুয়া পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নাম করে রাইস মিল থেকে চাঁদা নেয়ার সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার আবদুর রশিদ ও একই উপজেলার ফকির মিরাজ আলী।

রাইস মিল মালিকরা জানান, দুপুরে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে রশিদ ও মিরাজ উপজেলার খড়িয়ালা এলাকার মেসার্স শাহ্ আলম ব্রাদার্স ও সোনারামপুরে মেসার্স শাহ্জালাল অটোরাইস মিল পরিদর্শনে যান। পরে তারা পরিবেশ দূষণ কার্যক্রমের সচিত্র প্রতিবেদন তৈরির কথা বলে শাহ্ আলম ব্রাদার্স ও শাহ্জালাল অটোরাইস মিল থেকে টাকা নেন। এ সময় মিল মালিকদের সন্দেহ হলে তাদের আটক করে থানায় খবর দেয়া হয়।

আশুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মেজবাহ্ উদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা যাচাই-বাছাই করছি। তাদের কাছ থেকে টাকাও উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version