The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে গাঁজা ও ফেয়ারডিল সিরাপসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ও দুপুরে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সকাল ১০টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে দুপুর ১২টা ৩৫ মিনিটে একই এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদক ও প্রাইভেটকারটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার সদর দক্ষিণ থানার রাজেশপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. মাসুদ আলম, আখাউড়া উপজেলার বড় বাজার চন্দন শাহ বাগান বাড়ি এলাকার মো. কালাম মিয়ার ছেলে মো. রাসেল এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রূপগঞ্জ গোদারাঘাট এলাকার রজব আলীর ছেলে মো. রুহুল আমিন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা করা হয়েছে।
Exit mobile version