ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার (১২ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমানের বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ জালিয়াতির মাধ্যমে সৃজনসহ বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
পরবর্তীতে বিষয়টি পুনঃতদন্তপূর্বক যাচাই করা হলে তদন্তকারী কর্মকর্তা মতামত দেন যে, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগের সমর্থনে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে নিবন্ধক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে অধিকতর সতর্ক থাকার বিষয়ে তাকে তিরস্কার করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তার সুপারিশের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ২১ এপ্রিল ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে জারি করা ফাইজুর রহমানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
