
পত্রিকার খবর অনুযায়ি, ভারতের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে উদ্যোগ গ্রহন করে। সেই অনুযায়ি আখাউড়া স্থলবন্দর এলাকায় গড়ে উঠবে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট। প্রকল্প বাস্তবায়নে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এলপিএআই) আধা হেক্টর জায়গা দিয়েছে। ওই স্থানে মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। এতদিন জমি সংক্রান্ত কারণে সমস্যা দেখা দেয়। রাজ্য সরকার জায়গা দিতে চাইলেও তা উপযুক্ত হচ্ছিল না। এ অবস্থায় এগিয়ে আসে এলপিএআই। পত্রিকার খবরে আরো বলা হয়, পাইপ লাইনের মাধ্যমে এ খালের পানি প্রকল্পে নিয়ে যাওয়া হবে। সেখানে স্বয়ংক্রিয়ভাবে পানি স্বচ্ছ হবে। এ পানি আবার আরেকটি পাইপ লাইনের মাধ্যমে এনে বাংলাদেশের দিকে ছাড়া হবে। এখানে উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে প্রতিনিয়ত দুর্গন্ধযুক্ত কালো পানি আসছে। যে কারণে স্থলবন্দর এলাকায় অবস্থান করাই দায় হয়ে পড়ে। এছাড়া এ খাল থেকেই আশেপাশের শত শত একর জমিতে পানি দেয়া। এতে করে কৃষকরা চর্মরোগে আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল।