ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন গেইটের সামনে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাকা স্থাপনা নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আখাউড়া উপজেলার সর্বস্তরের জনগণ ও পরিবহন শ্রমিকদের ব্যানারে স্টেশন চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এতে পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা মো. শাহজাহান চৌধুরী, আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মন্তাজ মিয়া ও অটো ইজিবাইক শ্রমিক সংগঠনের সভাপতি রুহুল আমিন।
বক্তারা অভিযোগ করেন, স্টেশন গেইটের সামনের সড়কে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। এতে স্টেশনের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি ট্রেনযাত্রী ও যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হতে পারে।
তাদের দাবি, স্টেশন সড়কে পাকা স্থাপনা নির্মাণ করা হলে জনসাধারণের চলাচল ও যানবাহন পার্কিংয়ে প্রতিবন্ধকতা তৈরি হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, নির্মাণকাজে নিয়োজিত ব্যক্তিরা জানিয়েছেন, ইনামুল হক ভূঁইয়া নামে এক ব্যক্তি ক্যান্টিন করার জন্য রেলওয়ে থেকে জায়গা লিজ নিয়েছেন। তবে তিনি ফ্রান্সপ্রবাসী হওয়ায় কীভাবে লিজ পেয়েছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
বিএনপি নেতা মো. শাহজাহান চৌধুরী বলেন, পার্কিংয়ের জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হবে।
পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মন্তাজ মিয়া বলেন, “রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, আখাউড়াবাসীর দাবি মেনে নিয়ে স্টেশনের সৌন্দর্যহানি করে পাকা স্থাপনা নির্মাণ বন্ধ করুন। ক্যান্টিন বরাদ্দের স্থানের কথা ওভারব্রিজের পাশে উল্লেখ করা হয়েছে। তাহলে সড়কের ওপর কেন স্থাপনা করা হচ্ছে?”
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী বলেন, রেলওয়ের যথাযথ কর্তৃপক্ষ ইনামুল হককে ক্যান্টিন নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দিয়েছে। এ নিয়ে এলাকাবাসীর আপত্তি থাকলে তারা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে তা জানাতে পারেন। তিনি জানান, ১৫ ফুট বাই ২০ ফুট জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে।
